damnlyrics.com

Kolkatar Jishu

কলকাতার যিশু

লাল বাতিব় নিষেধ ছিল না,

তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর

অতর্কিতে থেমে গেল;

ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল

ট্যাকসি ও প্রাইভেট বাগমার্কা ডবলডেকার|

'গেল গেল' আর্তনাদে রাস্তার দুদিক দিয়ে যারা

ছুটে এসেছিল—

ঝাঁকামুটে, ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার—

এখন তারাও যেন স্থির চিত্রটির মত শিল্পীর ইজেলে

লগ্ন হয়ে আছে|

স্তব্ধ হয়ে সবাই দেখছে,

টালমাটাল পায়ে

রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায়

সম্পূর্ন উলঙ্গ একটি শিশু|

খানিক অাগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গিপাড়ায়

এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো

মেঘের হৃৎপিন্ড ফুঁড়ে

নেমে আসছে;

মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর|

স্টেটবাসের জানলায় মুখ রেখে

একবার আকাশ দেখি, একবার তোমাকে|

ভিখারি-মায়ের শিশু,

কলকাতার যিশু,

সমস্ত ট্রাফিক তুমি মন্ত্রবলে থামিয়ে দিয়েছ

জনতার আর্তনাদ, অসহিষ্নু ড্রাইভারের দাঁতের ঘষটানি,

কিছুতে ভ্রূক্ষেপ নেই;

দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে

টলতে টলতে হেঁটে যাও|

যেন মূর্ত মানবতা, সদ্য হাঁটতে শেখার আনন্দে

সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও

হাতের মুঠোয়| যেন তাই

টালমাটাল পায়ে তুমি

পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ|

Lyrics Submitted by Nilesh Kr. Biswas

Enjoy the lyrics !!!